তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান। আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন। SHARES জাতীয় বিষয়: ইয়াও ওয়েনচীনতারেক-রহমানবাংলাদেশবিদায়ী সাক্ষাৎ