পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রী প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে হঠাৎ মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানা বা প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এই আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাত ১টার দিকে এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ছাপাখানার ছাপার মান এবং বইয়ের গুণগত দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিভিন্ন গাইড বইয়ের নমুনার সাথে সরকারি পাঠ্যবইয়ের মান যাচাইয়ের কাজও সম্পন্ন করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নবম শ্রেণির জন্য ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপানো হবে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও ছাপানো হবে। এনসিটিবির সদস্য (টেক্সট) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানিয়েছেন, পাঠ্যবই ছাপানোর কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বিষয়ে তারা আশাবাদী। ২০২৭ সালের পাঠ্যবইয়ে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের বই অন্তর্ভুক্ত থাকবে। নতুন বিষয়গুলোর পাশাপাশি সংশোধিত ও পরিমার্জিত অন্যান্য বইগুলোও সঠিক সময়ে ছাপিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর কাজ চলমান রয়েছে। SHARES শিক্ষা বিষয়: এনসিটিবিছাপাখানাপাঠ্যবইশিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রী