পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, নির্মাণশ্রমিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা হলের এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটের দিকে মামুন (২৫) নামে ওই নির্মাণ শ্রমিক সুফিয়া কামাল হলের ছাত্রীদের লক্ষ্য করে বারবার অশালীন অঙ্গভঙ্গি করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এই ঘটনার একটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি বলেন, কিছুদিন আগে সকালে ফজরের নামাজ পড়ে ছাদে হাঁটতে গেলে নির্মাণাধীন ভবন থেকে একজন তার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলার চেষ্টা করেন। এছাড়া নির্মাণাধীন ভবনের শ্রমিকরা প্রায়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দিকে তাকিয়ে থাকেন বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে কবি বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. ইফতেখারুল আলম বলেন, ঘটনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্মাণাধীন হল থেকে যেসব স্থান দিয়ে ছাত্রীদের দেখা যায়, সেসব জায়গায় প্রাথমিকভাবে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত শ্রমিকসহ সংশ্লিষ্টদের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মূল অভিযুক্ত নির্মাণ শ্রমিক বর্তমানে পলাতক রয়েছে। তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের শনাক্ত করে অভিযুক্ত শ্রমিককে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করার পর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে প্রক্টর নিশ্চিত করেছেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES শিক্ষা বিষয়: অশালীন অঙ্গভঙ্গিনিরাপত্তা উদ্বেগনির্মাণ শ্রমিকপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পবিপ্রবি