ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ অসহনীয় ছিল: স্পেন কোচ প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের অনভিপ্রেত আচরণের তীব্র সমালোচনা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের মুহূর্তটি উদযাপনের সময় আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা ও লিয়ান্দ্রো পারেদেস স্পেনের রদ্রি ও এরিক গার্সিয়ার ওপর চড়াও হন। এছাড়া পারেদেস স্পেনের তরুণ তারকা গাভির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন। এই আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। স্বদেশি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লুইস দে লা ফুয়েন্তে বলেন, সেই মুহূর্তে আমি উদযাপনে ব্যস্ত থাকায় বিষয়টি বুঝতে পারিনি। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এ ধরনের আচরণ কিছুতেই মেনে নেয়া যায় না। একইসঙ্গে তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের মানের প্রশংসা করে বলেন, তারা দুর্দান্ত খেলোয়াড় এবং তাদের কোচও অসাধারণ। নিশ্চয়ই তারাও এমন প্রতিক্রিয়া দেখে খারাপ বোধ করেছেন। এ সময় নিজের দলের খেলোয়াড়দের সংযমের প্রশংসা করে স্প্যানিশ কোচ জানান, তাদের পরিপক্বতার কারণেই পরিস্থিতি বড় কোনো সংঘাতে রূপ নেয়নি। ঘটনার দৃশ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ফিফা এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘটনাটি খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। SHARES অন্যান্য বিষয়: আর্জেন্টিনাফুটবলবিশ্বকাপলুইস দে লা ফুয়েন্তেস্পেন