শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল প্রকাশিত: 11:38 AM, July 27, 2026 রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, এ মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এছাড়া গ্রেপ্তারকৃতদের তালিকায় আরও আছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং গণমাধ্যমকর্মী ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। এর আগে গত রোববার (১৯ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তের খসড়া প্রতিবেদন তারা হাতে পেয়েছেন। তিনি উল্লেখ করেছিলেন, প্রাথমিক তদন্তে পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান এবং পুলিশের সাবেক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। সেই খসড়া প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র দাখিল করা হলো। প্রসকিশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্তকারী সংস্থা নিহতের সংখ্যা ও তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। তথ্যমতে, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন রয়েছেন। SHARES অন্যান্য বিষয়: অভিযোগপত্রমানবতাবিরোধী অপরাধশাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাহেফাজতে ইসলাম