রাষ্ট্রপতি মনোনয়নে তারেক রহমানের চমকের ইঙ্গিত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত চমক ধরে রেখেছিল বিএনপি। এবার রাষ্ট্রপতি নির্বাচন ঘিরেও দলটি একই ধরনের কৌশল অবলম্বন করতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, মর্যাদাপূর্ণ এ পদের জন্য দলের পরীক্ষিত, ত্যাগী ও বিশ্বস্ত নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নামও শোনা যাচ্ছে। কিছু মহলে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় এসেছে।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে আগামী ১ আগস্ট রাতে গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তারেক রহমান।

দলের নেতাদের মতে, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক নেতৃত্ব এবং কূটনৈতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং রাজনৈতিক মহলে তাঁর গ্রহণযোগ্যতাও বেশি। তবে তাঁকে রাষ্ট্রপতি করা হলে স্থানীয় সরকার মন্ত্রী, মহাসচিব ও সংসদ সদস্যের পদ ছাড়তে হবে, যার ফলে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রয়োজন হবে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিচার বিভাগ বা প্রশাসন থেকে গ্রহণযোগ্য কাউকে রাষ্ট্রপতি করার বিষয়েও আলোচনা হয়েছে, তবে অভিজ্ঞ রাজনীতিককেই অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা বেশি বলে সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। সংসদ সচিবালয় থেকে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়ার পর কমিশন তফসিল ঘোষণা করবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ না হলেও কমিশন প্রস্তুত রয়েছে। এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশনের প্রয়োজন নেই, আগামী সেপ্টেম্বরে নিয়মিত অধিবেশনেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিএনপির এক কেন্দ্রীয় নেতার মতে, আপাতত দলের বাইরে থেকে কাউকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা কম।