ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবেও দায়িত্বরত আছেন।

নতুন এই দায়িত্ব পাওয়ার ফলে চিকিৎসাধীন অবস্থাতেই দেশের অন্যতম বৃহৎ সরকারি এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে থাকবেন মির্জা আব্বাস। দলীয় সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।