বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

বগুড়া ও সিলেটের ওসমানীনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৪ জন গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই হতাহতের ঘটনায় গভীর বেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমজীবী মানুষের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। এছাড়া একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আরও আটজন নিহত হন। সব মিলিয়ে মোট ১৫ জনের প্রাণহানির এই ঘটনাকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়কে প্রতিনিয়ত এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এসব দুর্ঘটনার জন্য অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবকে দায়ী করেন। তিনি আরও বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।

নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বগুড়া ও সিলেটের এই দুই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানান।