আসিয়ান কাপ নাকি ব্রাজিলের সঙ্গে ম্যাচ, ভারতীয় ফুটবলে নতুন বিতর্ক প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ ভারতীয় ফুটবলে এখন এক নতুন পরিবর্তনের হাওয়া বইছে। একসময় যেখানে ম্যাচ খেলার সুযোগ কম ছিল, সেখানে এখন একটিমাত্র ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই চার থেকে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। তবে এই প্রাচুর্যের মাঝেই তৈরি হয়েছে এক নতুন জটিলতা। একই সময়ে দুটি ভিন্ন খেলার সূচি পড়ায় জাতীয় দল ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর তাতেই প্রশ্ন উঠেছে—ভারতের অগ্রাধিকার আসলে কোনটি? ব্রাজিলের বিপক্ষে গ্ল্যামার ম্যাচ, নাকি আসিয়ান কাপের প্রতিযোগিতামূলক লড়াই? আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী ফিফা আসিয়ান কাপ। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ভারত, যেখানে গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। অন্যদিকে, একই সময়ে অর্থাৎ ৩রা অক্টোবর কলকাতায় শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের ঘোষণা দিয়েছে এআইএফএফ। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দল বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এআইএফএফের এই সিদ্ধান্ত নিয়ে দেশের সাবেক কোচ ও ফুটবল ব্যক্তিত্বদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ ফুটবল বোদ্ধাই আসিয়ান কাপকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। সাবেক এফসি পুনে সিটি কোচ প্রদ্যুম রেড্ডি এ প্রসঙ্গে বলেন, ‘ব্রাজিল ম্যাচটি স্রেফ অর্থহীন এক প্রদর্শনী। অন্যদিকে আসিয়ান কাপ আমাদের এশিয়ার মধ্যম সারির দলগুলোর বিরুদ্ধে খেলার দারুণ সুযোগ দিচ্ছে।’ আই-লীগ জয়ী কোচ সঞ্জয় সেনও একই সুরে সুর মিলিয়েছেন। ব্রাজিল ম্যাচ থেকে আদতে কী অর্জন হবে, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আসিয়ান কাপ। ইন্দোনেশিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে পারলে তবেই ভারতীয় ফুটবলের আসল উন্নতি বোঝা যাবে।’ সাবেক ভারতীয় ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াদুদও মনে করেন, ভক্তদের জন্য ব্রাজিলের ম্যাচটি আকর্ষণীয় হলেও ফুটবলীয় উন্নতির জন্য আসিয়ান কাপেই মনোযোগ দেওয়া উচিত। তাঁর মতে, ফুটবলীয় উন্নতির কথা চিন্তা করলে ভারতীয় দলের ফোকাস ব্রাজিলে থাকা উচিত নয়। এদিকে এই সিদ্ধান্তের ফলে দলে গভীরতার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এআইএফএফের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জি প্রভাকরণ। তিনি উল্লেখ করেন, ফিফা আয়োজিত টুর্নামেন্টে মূল দল পাঠানো বাধ্যতামূলক। ফলে একই সময়ে দুই জায়গায় সমান শক্তির দল নামানো ভারতের জন্য বেশ কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। SHARES অন্যান্য বিষয়: আসিয়ান কাপএআইএফএফপ্রীতি ম্যাচব্রাজিল বনাম ভারতভারতীয় ফুটবল