দেশে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যান গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ৪ হাজার ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মাসিক হিসেবে সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী জুলাই মাসে এবং দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে সাতজন মারা গেছেন। এছাড়া বছরের প্রথম দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুন মাসে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে।