হত্যাচেষ্টার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন গাজী নজরুল প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একটি হত্যাচেষ্টার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেলে আদালত তাকে এই জামিনের আদেশ দেন। এর আগে, গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় এমপি গাজী নজরুলসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ওবায়দুর রহমান, যিনি এমপির ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং কালশী এলাকায় তার বোনের বাসায় থাকতেন। ওবায়দুর রহমানের অভিযোগ, এমপি গাজী নজরুল ইসলামের সাথে তার ভাগ্নির একটি অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি বিষয়টি পরিবারকে জানানোর পাশাপাশি নজরুল ইসলামকে সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করলে এমপি তাকে প্রাণনাশের হুমকি দেন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, মগবাজারের একটি চক্র এমপি ও ওই তরুণীর কিছু ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে এমপির ধারণা হয় যে, ওবায়দুর রহমানই ভিডিওগুলো ফাঁস করেছেন। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই এমপি নজরুলের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুর রহমানের ওপর হামলা চালায়। ওইদিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে তাকে ড্রয়িংরুমে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করেন এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুর রহমানের মা ও বোন তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি বৈঠক করে। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই বিকেলেই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। SHARES অন্যান্য বিষয়: আগাম জামিনগাজী নজরুল ইসলামজামায়াতে ইসলামীহত্যাচেষ্টা মামলাহাইকোর্ট