ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) প্রধান পরাগ জৈন ঢাকায় এসেছেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই সরকারি সফরে এসেছেন বলে জানা গেছে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সরকারি ওই সূত্রটি নিশ্চিত করেছে যে, সফরকালীন সময়ে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।

পরাগ জৈন ভারতের ‘র’ এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। বাংলাদেশে আসার আগে তিনি চীন সফর করেছেন বলে জানা গেছে। তবে ভারত বা বাংলাদেশ—কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।