আলোচনার মাধ্যমে ভারত-বাংলাদেশ সব সমস্যার সমাধান সম্ভব: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কোনো ইস্যুই এমন নয় যা দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে না। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের এই সাক্ষাৎকে 'পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ' হিসেবে অভিহিত করেন রাষ্ট্রদূত। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম দেখা হলেও তাকে বেশ ভালো, বিনয়ী এবং মাটির মানুষ মনে হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, গণতন্ত্র থাকলে ইস্যু থাকবেই, তবে এমন কোনো সমস্যা নেই যা বসে সমাধান করা সম্ভব নয়। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, দুই দেশের সম্পর্ক ভালো থাকলে তা উভয় পক্ষের জন্যই একটি 'উইন-উইন' পরিস্থিতি তৈরি করবে এবং সাধারণ মানুষও এই সুসম্পর্ক প্রত্যাশা করে।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশ শুধু সীমান্তই শেয়ার করে না, তারা স্বপ্নও শেয়ার করে। ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা অপরিবর্তনীয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশে দায়িত্ব পালনের গত দুই মাসে তিনি সাধারণ মানুষের কাছ থেকে যে সম্মান, ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তারও প্রশংসা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর পর্যায়ের বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।