নিউমার্কেটে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২৫ প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানো এবং চাঁদা আদায়কে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই সংঘাত শুরু হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীরা বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিলেন। কিন্তু ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী সেই দোকানগুলো সরিয়ে সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তজনা সৃষ্টি হয়। ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা দোকানগুলো সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ জন এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিস কক্ষে ভাঙচুর চালান। এ কে এম চঞ্চল অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুবদলের নেতাকর্মীরা নিজেরাই ফুটপাতে ব্যবসা করছিলেন। তিনি বলেন, ছাত্র নামধারী ঢাকা কলেজ ছাত্রদলের কিছু পোলাপান এবং সাবেক ছাত্ররা দোকানে হামলা চালায় এবং পরবর্তীতে তার অফিসে এসে ভাঙচুর ও লুটপাট করে। তিনি দাবি করেন, তার নিজের কোনো দোকান নেই। ঘটনার বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকার বাইরে আছেন এবং বিস্তারিত কিছু জানেন না। এ বিষয়ে আহ্বায়ক পিয়াল হাসানের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। আহ্বায়ক পিয়াল হাসানকে ফোন করা হলে তিনি জানান, তিনি বর্তমানে একটি ঝামেলার মধ্যে আছেন এবং পরে কথা বলবেন। SHARES রাজনীতি বিষয়: ঢাকা কলেজ ছাত্রদলনিউমার্কেটযুবদলসংঘর্ষ