সাভারে সিটিটিসির অভিযানে ৯টি বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

সাভারের হেমায়েতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে ৯টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডারসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে অভিযান সমাপ্ত হয়।

অভিযানের আগে আরিফ হোসেন (২৮) নামে একজনকে ৫টি বিস্ফোরকসহ আটক করা হয়। পরবর্তীতে সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সদস্যরা ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে অবশিষ্ট বিস্ফোরক ও সরঞ্জামগুলো জব্দ করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ভোর ৪টার দিকে অভিযানের সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।