আদালতের নির্দেশ অমান্য, দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

আদালতের নির্দেশ উপেক্ষা করে মামলা নিতে অনীহা প্রকাশের অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এই আদেশ প্রদান করেন। মঙ্গলবার রাতে আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ পাওয়ার পরও ওসি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ভুক্তভোগী মারজাহান পরবর্তীতে আদালতে মামলা দায়ের করলে বিচারক তা এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। তবে ওসি সেই নির্দেশও উপেক্ষা করেন।

বিচারক এ এন এম মোর্শেদ খান তার আদেশে উল্লেখ করেন যে, ওসি তার কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। এই আদেশের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারকে ওসি ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, অভিযোগটি তদন্ত করার জন্য এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।