ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা নাকদি। তিনি দাবি করেছেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধের মধ্য দিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায়। আইআরজিসির এই প্রভাবশালী জেনারেল ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলমান সংঘাত নিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন। নাকদির ভাষ্য অনুযায়ী, যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের সামরিক বাহিনী তত বেশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তার মতে, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল হিসেবে চলমান সংঘাতের কয়েক মাসে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াকে ইরানের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি জানান, মূল লক্ষ্য হলো এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানে হামলা চালানোর আগে সম্ভাব্য পরিণতির কথা ভেবে আতঙ্কিত হয়। তিনি আরও বলেন, একটি সম্ভাব্য কৌশল হতে পারে ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সংঘাতকে দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলা। এতে ভবিষ্যতে ইরানে হামলার পরিকল্পনা করা যেকোনো পক্ষ বুঝতে পারবে, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নাকদি সতর্ক করেন যে, এটি ওয়াশিংটনের জন্য একটি ভয়াবহ ভুল হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে এর পরদিন থেকেই বিশ্বজুড়ে দেশটির সামরিক ঘাঁটিগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বর্তমান বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নয় এবং পারমাণবিক হামলার মতো ঘটনা আন্তর্জাতিকভাবে সহজে মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে জানতে চাওয়া হলে নাকদি তা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, ইরানের কাছে পারমাণবিক বোমার প্রয়োজন নেই। তার ভাষায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের মানুষের সমর্থন অর্জন করাই তাদের সবচেয়ে বড় শক্তি। এছাড়া যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ইরানের ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান সম্পর্কে তিনি বলেন, এই বক্তব্যের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ নয়, বরং দেশটির রাজনৈতিক নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ ও নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত। নাকদির বক্তব্যে স্পষ্ট যে, তেহরান শুধু বর্তমান সংঘাত মোকাবিলার দিকেই নজর রাখছে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির সম্ভাব্য হামলা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপরও জোর দিচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুদ্ধ