নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এই পর্যায়ের শিক্ষার যাবতীয় খরচ রাষ্ট্র বহন করবে। একই সঙ্গে যেসব নারী শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে। নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। অতীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এখানে উপস্থিত অনেক বোন ও সন্তানতুল্য মেয়েরা রয়েছে। তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা দেশের হাল ধরতে পারো। শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের চার কোটি পরিবারের মধ্যে যে নারীরা পরিবারের প্রধান ও সংসার পরিচালনা করেন, পর্যায়ক্রমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। আল্লাহর রহমতে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের গরিব পরিবারের শিশুদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সরকার বছরে একবার স্কুল ড্রেস দিতে চায়। শুধু ড্রেস নয়, প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন স্কুল ব্যাগও পৌঁছে দেওয়া হবে। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এই স্কুল সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। SHARES জাতীয় বিষয়: অনার্সতারেক-রহমাননারী শিক্ষাপ্রধানমন্ত্রীফ্যামিলি কার্ডবৃত্তি