ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ফের ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে নতুন করে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার গ্রিনীচ মান সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। জার্মানির জিওসায়েন্স রিসার্চ সেন্টার (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শনিবার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবারের ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবারের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। দুর্গম নাজেওকো রিজেন্সিতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের কারণে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবারের ঘটনার পর ফ্লোরেস দ্বীপে ২৩০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ২। একই সময়ে সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।

প্রাথমিক হিসাবে ১৫৭টি বাড়ি গুরুতর, ৪১টি মাঝারি এবং ১৪৮টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৮৭টি স্কুল, ১৮টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি উপাসনালয় এবং ছয়টি সরকারি-বেসরকারি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আঘাত হানা সোমবারের ভূমিকম্পের পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নতুন করে নিরূপণের কাজ করছে।