পোশাককর্মী মিতুল হত্যা: আদালতে দোষ স্বীকার প্রধান আসামির প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ ঢাকার সূত্রাপুরে ইস্ট বেঙ্গল মার্কেটের সামনে মাদক সেবনে বাধা দেওয়ায় ১৮ বছর বয়সী পোশাককর্মী মিতুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ১৯ বছর বয়সী রাহিম আহম্মেদ রাফি আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ৈ আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছিলেন। গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে সূত্রাপুরের ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুল ইসলামকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুক, পিঠ ও দুই পায়ের উরুতে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা রাসেল সরদার পরদিন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রাফিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে। অপর ৯ আসামি হলেন মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়েদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)। গত ১৬ আগস্ট আদালত রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এবং অপর ৯ জনকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে অপর ৯ আসামিকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। SHARES অন্যান্য বিষয়: আদালতপোশাককর্মী হত্যামিতুল ইসলামরাহিম আহম্মেদ রাফিসূত্রাপুর