কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক। এছাড়া এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির ভেতরে চরম অনিয়ম ও অব্যবস্থার চিত্র ফুটে উঠেছে। পাঁচতলা ভবনটির প্রতিটি তলাতেই ছিল সংকীর্ণ কক্ষ ও সরু চলাচলের পথ। স্থানীয়দের অভিযোগ, ঘরগুলো অনেকটা পায়রার খোপের মতো ছিল এবং ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার চরম অভাব ছিল। প্রতিটি তলায় একাধিক এয়ার কন্ডিশনার চললেও আগুন নেভানোর কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না। আগুন লাগার পর ভবন থেকে বের হওয়ার জন্য কোনো বিকল্প পথ না থাকায় ঘুমন্ত আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূল প্রবেশপথটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে অনেকে বের হতে পারেননি। প্রাণ বাঁচাতে কেউ কেউ শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন, আবার কেউ ওপর থেকে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন, পরবর্তীতে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিউমার্কেট এলাকায় চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের জন্য এ ধরনের অনেক আবাসিক হোটেল রয়েছে। অগ্নিকাণ্ডের পর ভবনটির নির্মাণ পরিকল্পনা, অনুমোদন এবং ব্যবসা পরিচালনার অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে এই ভবন নির্মাণ করা হয়েছিল। ঘটনার পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দমকল প্রতিমন্ত্রী জানান, ভবনটিতে কীভাবে হোটেল চালানোর অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্ত করে দেখা হবে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা বিধির অনিয়ম খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: অগ্নিকাণ্ডকলকাতানিহতবাংলাদেশিমির্জা গালিব স্ট্রিট