সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার রাতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। এতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে আজ সোমবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এছাড়া রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে ইতিমধ্যে দুই দফায় নিম্নচাপের সৃষ্টি হলেও তাতে খুব বেশি বৃষ্টি হয়নি। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এবারের লঘুচাপটি বাংলাদেশে তেমন কোনো বড় প্রভাব ফেলবে না। এই সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে এবং এর দুই দিন পর নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমতে পারে বলেও আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে।