দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

দেশে সারের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, সারের কোনো প্রকার ঘাটতি যেন না হয়, সেজন্য প্রচুর পরিমাণ সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে ১৩ লাখ মেট্রিক টনের বেশি সার মজুত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এই সময়ে সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন, যা বর্তমান মজুত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সার বিতরণে কিছুটা অনিয়মের কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে। এই নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা এবং কিছু ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া কোনো কোনো ডিলার বরাদ্দকৃত সার উত্তোলন করছেন না, যার ফলে কিছু জায়গায় সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সরকার আশা করছে, এই পরিস্থিতি বেশি দূর গড়াবে না।

গ্যাসের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, গ্যাসের ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছাতে প্রায় দুই বছরের মতো সময় প্রয়োজন হতে পারে। তবে এর মানে এই নয় যে গ্যাসের অবস্থা আগের চেয়ে খারাপ হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।