ডিপ্লোমা ফার্মাসিস্টদের দাবি পূরণে আশ্বস্ত করলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ দেশে যেকোনো ধরনের বৈষম্য দূর করতে সরকার অত্যন্ত সতর্ক ও সচেতন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সেবা খাতের সঙ্গে যুক্তদের সন্তুষ্টি নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পাবেন, আর এ লক্ষ্যেই সরকার সংশ্লিষ্টদের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা ছাড়া কোনো পেশা থেকেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। তাই সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় ওষুধের গুণগত মান বজায় রাখা এবং রোগীদের সঠিক ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে ফার্মাসিস্টদের অধিকতর দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের তাগিদ দেন ডা. জাহিদ হোসেন। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ডিপ্লোমা ফার্মাসিস্টদের পক্ষ থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবি উত্থাপন করা হয়। জবাবে মন্ত্রী বলেন, অন্যান্য সেবা ও পেশার মতো ফার্মাসিস্টদেরও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতার জন্য সবার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী স্বাস্থ্যসহ দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির ওপর জোর দেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: ডা. এ জেড এম জাহিদ হোসেনডিপ্লোমা ফার্মাসিস্টফার্মাসিস্টসরকারি সুবিধাস্বাস্থ্যসেবা