অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসছেন জ্যাং ডং-ইউন ও কিম সেউং-ইউন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা জ্যাং ডং-ইউন বিয়ের ঘোষণা দিয়েছেন। তাঁর হবু স্ত্রী অভিনেত্রী কিম সেউং-ইউন। অভিনেতা জ্যাংয়ের সংস্থা বিএইচ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী অক্টোবরে খ্রিষ্টান রীতিতে তাঁদের ছোট পরিসরের বিয়ের আয়োজন সম্পন্ন হবে, যেখানে পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

৩৪ বছর বয়সী জ্যাং ডং-ইউন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হাতে লেখা একটি চিঠির মাধ্যমে ভক্তদের এই সুখবর জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কাটানোর পর তারা একে অপরকে ভালোভাবে বুঝতে ও যত্ন নিতে শিখেছেন। এই দীর্ঘ সম্পর্কের পথ ধরেই তারা একটি সুখী জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পরও জ্যাং তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে আরও পরিণত অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তোলার কথা জানিয়েছেন।

জ্যাং ও কিমের সম্পর্কের বিষয়টি এতদিন গোপন ছিল, তাই এই ঘোষণা ভক্তদের জন্য বেশ চমক হিসেবে এসেছে। ২০১৫ সালে সিউলের একটি দোকানে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একজনকে ধরে আলোচনায় আসা জ্যাং পরে ওয়েব সিরিজ 'গেম ডেভেলপমেন্ট গার্লস'-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। পরবর্তীতে তিনি 'স্কুল ২০১৭', 'দ্য টেল অব নকদু', 'ওয়েসিস' ও 'ডেইলি ডোজ অব সানশাইন'-এর মতো জনপ্রিয় ড্রামা ও সিনেমায় অভিনয় করেছেন।

অন্যদিকে, ২৮ বছর বয়সী কিম সেউং-ইউনের অভিনয়ে অভিষেক হয় ২০১৯ সালে 'দ্য টেল অব নকদু' ড্রামার মাধ্যমে, যেখানে তিনি জ্যাংয়ের সঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি 'ফর ইগল ব্রাদার্স' ড্রামা ও 'ইন ওয়াটার' সিনেমায় অভিনয় করেন। জ্যাং অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সক্রিয়। ২০২৩ সালে 'প্লিজ বি মাই ইয়ার' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয় এবং চলতি বছরের এপ্রিলে তিনি নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্য ইস্ট'। কিম সেউং-ইউন জ্যাংয়ের এই দুটি সিনেমাতেই অভিনয় করেছেন।