কারাগারে কেমন আছেন ইমরান খান? মুখ খুললেন রমিজ রাজা প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬ দুর্নীতির অভিযোগে তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘ এই কারাবাসের ফলে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান ও তার সতীর্থ রমিজ রাজা। স্কাই স্পোর্টসের 'স্টিক টু ক্রিকেট' পডকাস্টে ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার ডেভিড লয়েড ও অ্যালিস্টার কুকের প্রশ্নের জবাবে রমিজ রাজা জানান, সম্প্রতি ইমরান খানের চোখে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার চিকিৎসা ইতোমধ্যে করানো হয়েছে। রমিজ রাজা বলেন, তিনি এখন সম্পূর্ণ নিঃসঙ্গ বা আইসোলেশনে আছেন। তার অসংখ্য ভক্ত রয়েছে, কিন্তু চরম বাস্তব হলো মানুষটি তিন বছর ধরে বন্দি। সময়টা তার জন্য অত্যন্ত কঠিন। তিনি আরও যোগ করেন, এক সপ্তাহ আগেই তার চোখে সমস্যা দেখা দিয়েছিল, তবে সেটা সামাল দেওয়া হয়েছে। এছাড়া তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি, তার মানসিক শক্তি ও ধৈর্য কতটা দৃঢ়। এদিকে পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সম্প্রতি একটি যৌথ চিঠি পাঠিয়েছেন বিশ্বের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কপিল দেব, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেঙ্গসরকার, স্টিভ ওয়াহ, জন রাইট, মাইকেল ব্রিয়ারলি, মাইকেল গ্যাটিং, কিম হিউজ, লি জারমন এবং নারী ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যক্তিত্ব বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল। চিঠিতে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি তুলে ধরা হয়। ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করে একটি বিশেষ মেডিকেল বোর্ডের মাধ্যমে শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ড. উজমা খানকে রাখার কথা বলা হয়েছিল এবং পরিবারকে প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতি পুনর্বহাল করা হয়েছিল। আদালত এই ইতিবাচক পদক্ষেপগুলো নিলেও ইমরান খানকে হাসপাতালে রাখা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। আদালতের নির্দেশিত পূর্ণাঙ্গ বোর্ডের বদলে সরকার নিযুক্ত একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা করেই তড়িঘড়ি 'সম্পূর্ণ সুস্থ' ঘোষণা করে এবং বোর্ড কাজ শেষ করার আগেই তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। চিঠিতে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। SHARES খেলাধুলা বিষয়: ইমরান খানকারাগারক্রিকেটপাকিস্তানরমিজ রাজা