মাঠ ও পড়াশোনার মেলবন্ধন নিয়ে শাহরিয়ার নাফিসের নতুন বই প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ মাঠে বেশি সময় কাটালে পড়াশোনায় পিছিয়ে পড়তে হবে—সমাজের এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন এক বই নিয়ে এসেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও সহলেখক এইচ এম আতিফ ওয়াফিক। 'প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস' শিরোনামের এই বইটির মোড়ক উন্মোচন হবে শনিবার। এটি কেবল কোনো প্রচলিত ক্রীড়া-জীবনী নয়, বরং একজন মানুষের জীবনে খেলাধুলার প্রকৃত গুরুত্ব ও পড়াশোনার সাথে এর সম্পর্কের এক সমন্বিত দলিল। বইটির মূল লক্ষ্য হলো পড়াশোনা ও খেলাধুলাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে পরিপূরক হিসেবে তুলে ধরা। এই ধারণা প্রতিষ্ঠায় লেখকদ্বয় প্রায় ৩৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া-সংশ্লিষ্ট মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। একই সাথে এইচ এম আতিফ ওয়াফিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছ থেকে জেনেছেন, একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে মাঠের খেলাধুলা কেন অপরিহার্য। শাহরিয়ার নাফিস জানান, খেলোয়াড়রা যেমন খেলার জন্য পড়াশোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন, তেমনি শিক্ষাবিদরা পড়াশোনার জন্য খেলার গুরুত্ব তুলে ধরেছেন। বইটিতে কেবল তারকা খেলোয়াড়দের সাফল্যের গল্পই নেই, বরং এমন অনেক মানুষের অভিজ্ঞতাও রয়েছে যারা স্কুলজীবনে খেলেছেন কিন্তু পরবর্তীতে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের মতো পেশা বেছে নিয়েছেন। এতে ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস ও হকি অঙ্গনের দেশি-বিদেশি ব্যক্তিত্বদের অভিজ্ঞতা স্থান পেয়েছে। উল্লেখ্যযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালেন ডোনাল্ড, বিশ্বকাপজয়ী কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের ক্রিকেট প্রশাসক ক্যাথরিন ক্যাম্পবেল এবং অলিম্পিক অ্যাথলেটিকস কোচ জন কুইন। প্রায় তিন বছর ধরে তথ্য সংগ্রহ ও অভিজ্ঞতার সংকলন শেষে বইটি প্রস্তুত করা হয়েছে। লেখক শাহরিয়ার নাফিস বলেন, বইটি কোনো উপদেশের বই নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প। এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক, যা দেখায় যে মাঠ থেকে পাওয়া শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। জীবনের দৌড়ে এগিয়ে থাকতে পড়াশোনা ও খেলাধুলা—দুটোকেই যে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, তা-ই এই বইয়ের মূল বার্তা। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটখেলাধুলাপড়াশোনাবই প্রকাশশাহরিয়ার নাফিস