বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের বাসিন্দা আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তার স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌমুহন এলাকায় তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আসামি দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।