অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই: আরব আমিরাত ও সিরিয়ার গ্রুপে বাংলাদেশ প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এএফসি হাউসে এই ড্র অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে অংশ নেওয়া মোট ৩৫টি দলকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল। আগামী ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে। যেহেতু ‘সি’ গ্রুপের খেলাগুলো আয়োজনের দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, তাই বাংলাদেশকে তাদের সবগুলো ম্যাচ খেলতে হবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতেই। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সাতটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। তাদের সঙ্গে সরাসরি মূল পর্বে যোগ দেবে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার ৯টি দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম। আগামী বছরের ১২ থেকে ২৯ মে উজবেকিস্তানে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল আসর। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত অন্য গ্রুপগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন ও কম্বোডিয়া। ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে ও মালদ্বীপ। ‘ডি’ গ্রুপে খেলবে ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘ই’ গ্রুপে লড়বে ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও গুয়াম। ‘এফ’ গ্রুপে আছে ইয়েমেন, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। এছাড়া ‘জি’ গ্রুপে মুখোমুখি হবে ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ও ব্রুনেই দারুসসালাম। SHARES অন্যান্য বিষয়: অনূর্ধ্ব-১৭ ফুটবলএএফসি অনূর্ধ্ব-১৭এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ অনূর্ধ্ব-১৭বাংলাদেশ-ফুটবল