বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে এই ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম পরিচালনা করা।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এই পরিস্থিতির প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত গ্রহণ করেছে।