নেপালে বন্যায় ভেসে আসা নারীর দুল চুরির ঘটনায় গ্রেপ্তার ২ প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নারায়ণী নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের সময় এই অমানবিক চুরির ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশের বরাতে জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতন ও মরদেহের চুল ধরে পানির মধ্য থেকে ওই নারীর মরদেহ টেনে তুলছেন। একপর্যায়ে দুই ব্যক্তি মরদেহটির কান থেকে দুল খুলে নিয়ে পাশে রেখে দেন। এ সময় আশেপাশের উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেন। চিতওয়ান পুলিশ জানিয়েছে, তদন্তের পর তারা নিশ্চিত হয়েছে যে, বন্যার পানিতে ভেসে আসা মরদেহ উদ্ধারের সময়ই এই চুরির ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ ২৫ বছর বয়সী মাদান গুরুঙ ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। বৃহস্পতিবার চিতওয়ান জেলার ভরতপুর মহানগরীর-১ এলাকার পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের মতো সংকটময় সময়ে বন্যার্তদের সম্পদ লুট বা ভুক্তভোগীদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। SHARES আন্তর্জাতিক বিষয়: অপরাধগ্রেপ্তারনেপালবন্যামরদেহ