ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক, আসছে নতুন নীতিমালা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

রাজধানীর যানজট নিরসন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ঢাকা মহানগরীর বর্তমান যানজট পরিস্থিতি, প্রধান সড়ক ও ফ্লাইওভারগুলোর ওপর যানবাহনের অতিরিক্ত চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অটোরিকশা চলাচলের জন্য একটি নতুন নীতিমালা তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানেও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রস্তুত করা প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার জন্য বুয়েটকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।