ভালো ফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্রবান হওয়ার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, প্রকৃত শিক্ষা মানুষের শরীর, মন ও আত্মার বিকাশ ঘটায় এবং তাকে একজন সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলে।

শনিবার দুপুরে গোদাগাড়ী উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের উদ্যোগে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নৈতিকতা ও চরিত্রহীন শিক্ষা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে না। তাই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি উত্তম চরিত্র, সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের এমন এক শিক্ষিত প্রজন্মের প্রয়োজন যারা জ্ঞান ও দক্ষতার সাথে সাথে সৎ, নৈতিক এবং দায়িত্বশীল হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে যারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিক জীবনযাপনের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি। একই সাথে তিনি দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা। এছাড়াও সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের পরিচালক মোসা. জান্নাতি খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।