গুম ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

গুম, খুন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে গুম ও খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী সরাসরি যাদের হাতে নিয়োগপত্র তুলে দেন, তাদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা রয়েছেন।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত দৃষ্টিহীন যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করেন।

নিয়োগ পাওয়ার পর ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীরের বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম ও খুনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানটিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা ও শাহাদাৎ স্বাধীন। এছাড়াও সহকারী প্রেস-সচিব এ কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।