সুইজারল্যান্ডের রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও ৫ জন আহত প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ সুইজারল্যান্ডের আরগাউ ক্যান্টনের রাজধানী আরাউ শহরে একটি রেভ পার্টিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার রাত আড়াইটার কিছু পরে আরাউ শহরের শাখেন এলাকার ঘোড়দৌঁড়ের মাঠে 'আরাউ রেভ ভলিউম ৭' নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গুলির খবর পাওয়ার পরপরই সশস্ত্র পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সী ওই তরুণী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা সামান্য থেকে গুরুতর বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত ও আহতরা সবাই সুইজারল্যান্ডে বসবাসকারী হলেও তাদের পরিচয় ও জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পর পুলিশ পুরো ঘোড়দৌঁড়ের মাঠ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে উপস্থিত ব্যক্তিদের ধারণ করা ছবি ও ভিডিও তাদের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গান বন্ধ হওয়ার পরপরই গুলির শব্দ শোনা যায়, যা শুরুতে অনেকে আতশবাজি মনে করেছিলেন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ডিজে মঞ্চ ও সরঞ্জামের আড়ালে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ও তার পরিবার মেশিনগানের মতো গুলির শব্দ শুনেছিলেন। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, তার পাশে থাকা এক নারী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আরগাউ পুলিশের মুখপাত্র বার্নহার্ড গ্রাসার জানিয়েছেন, হামলাকারী বা হামলাকারীরা কোথায় আছে সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। তাদের ধরতে আরাউ ও আশপাশের এলাকায় বিশেষায়িত নিরাপত্তা দল, সশস্ত্র পুলিশ ও একটি সুপার পুমা সামরিক হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার মতো প্রমাণ পাওয়া যায়নি। গুলিবর্ষণের আগে কোনো বিরোধ বা সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজক আরগাউ রেসিং ক্লাব নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তদন্ত চলাকালে গুজব না ছড়ানোর অনুরোধ করেছে। আরাউয়ের এই ঘটনার পর নিকটবর্তী ব্রুগ শহরের উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুইজারল্যান্ডে আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলক বেশি হলেও এমন প্রকাশ্য স্থানে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা বিরল, যা পুরো দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। SHARES অন্যান্য বিষয়: আরাউগোলাগুলিনিহতরেভ পার্টিসুইজারল্যান্ড