ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০ জন

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটে।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মোট সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে। এর মধ্যে আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ১০ জন, জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১১০ জনকে নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮ জন রোগী, যা নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৪০ জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন এবং রাজশাহী বিভাগে ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।