মার্কিন হুমকি উপেক্ষা করে বড় যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকিকে অগ্রাহ্য করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপ প্রমাণ করে যে, দেশটি এখন আরও বড় পরিসরে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তেহরান এখন মনে করছে, ওয়াশিংটন কোনো ধরনের কূটনৈতিক সমঝোতায় বিশ্বাস করে না। আল জাজিরার এক প্রতিবেদনে তেহরান বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা স্টাডিজের গবেষক মোহাম্মদ এসলামির বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান যদি কোনো পাল্টা পদক্ষেপ নেয়, তবে তাদের ওপর আরও ভয়াবহ ও তীব্র আঘাত হানা হবে। তবে সেই সতর্কবার্তাকে তোয়াক্কা না করেই জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। মোহাম্মদ এসলামি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফায় একটি পূর্ণমাত্রার সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গবেষক এসলামির মতে, চলমান সংঘাতের আগের পর্যায়গুলোতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির সীমাবদ্ধতা স্পষ্টভাবে ধরা পড়েছে। তারা যদি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে চায়, তবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে; তবে এবার ইরান আরও শক্তিশালী উপায়ে তার জবাব দেবে। তিনি আরও জানান, জর্ডানে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার মূল উদ্দেশ্য ছিল, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইরানি বাহিনী যেন সরাসরি ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি বজায় রাখতে পারে। এছাড়া কুহেস্তায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো ইরানেও মার্কিন বাহিনী যুদ্ধাপরাধ ঘটাচ্ছে এবং তাদের থামানোর ও শাস্তি দেওয়ার উপযুক্ত সময় এখনই।