রায়পুরে রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভাঙল দুর্বৃত্তরা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীসংলগ্ন চরকাচিয়া গ্রামের খেয়াঘাট এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তরা একটি কাঠের সাঁকো ভেঙে দিয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাল বেপারী খেয়াঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। সাঁকোটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

সাঁকোটির মাঝখানের বেশ কিছু অংশ কেটে ও ভেঙে ফেলে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় চরাঞ্চলের বাসিন্দা, মোটরসাইকেল চালক, মিশুক ও অটোরিকশাচালকসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত চার দিন ধরে এই পারাপার কেন্দ্রটি অকেজো হয়ে থাকায় অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হাজিমারা আশ্রয় কেন্দ্রের ওপর দিয়ে বরিশালের মেহেদীগঞ্জ যাওয়ার পথে চার গ্রামের মানুষ নিজেদের অর্থ ও শ্রমে এই সাঁকোটি নির্মাণ করেছিলেন। সাঁকোটির উদ্যোক্তা সোহেলসহ স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, হাজারও মানুষের যাতায়াতের সুবিধার্থে তৈরি করা এই সাঁকোটি কারা কেন ভেঙেছে তা তাদের বোধগম্য নয়। এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।