চট্টগ্রামে ৪ হাজার ৩০০ পিস ইয়াবার মামলায় একজনের যাবজ্জীবন প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরুল ইসলাম নামের অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম (৪৬) কুষ্টিয়া জেলার সদর থানার শালদহ পশ্চিমপাড়ার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকার কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির একপর্যায়ে তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউব উদ্ধার করা হয়। বিশেষ কৌশলে ওই টিউবগুলোর ভেতরে রাখা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শফিকুল পুলিশকে জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী sabysto করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে, মনিরুল ইসলামের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: আদালতের রায়ইয়াবা উদ্ধারচট্টগ্রামমাদক মামলাযাবজ্জীবন কারাদণ্ড