ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভালো বই পড়ায় আগ্রহী করে তোলার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব এখন থেকেই নিতে হবে। এ জন্য ছোটবেলা থেকেই ভালো বই পড়ার অভ্যাস তৈরি এবং এর প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সরকারের এসব উদ্যোগ আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও মননশীলতার বিকাশে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য। বই পড়ার মাধ্যমেই তরুণদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। এ সময় মন্ত্রী সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ বা সিএসআর সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য রাখেন। SHARES শিক্ষা বিষয়: বইপড়াবিশ্বসাহিত্য কেন্দ্রভবিষ্যৎ প্রজন্মশিক্ষাশিক্ষামন্ত্রী