নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন: মার্কেটর পদ্ধতির পরিবর্তন প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃত আয়তন ও অনুপাত সঠিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে একটি নতুন বিশ্বমানচিত্র গ্রহণের প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘কারেক্ট দ্য ম্যাপ’ শিরোনামের এই প্রস্তাবটি আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলো এবং বাহামাসের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ভোটাভুটিতে ১৬৪টি দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন জানায় এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে প্রস্তাবটির বিরুদ্ধে একমাত্র ভোটটি প্রদান করে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে বলা হয়, ১৫৬৯ সালে ইউরোপীয় মানচিত্রকর জেরার্ডাস মার্কেটর কর্তৃক তৈরি প্রচলিত ‘মার্কেটর প্রজেকশন’ মানচিত্রের বিকৃতির কারণে বিশ্বের যৌথ ভাবনায় আফ্রিকা মহাদেশের প্রতীকী অবমূল্যায়ন ঘটেছে। এই পদ্ধতিতে বিষুবরেখা থেকে দূরের দেশগুলোকে ভৌগোলিকভাবে অস্বাভাবিক বড় দেখানো হয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বাস্তবে গ্রিনল্যান্ড ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কাছাকাছি আয়তনের এবং আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে ১৪ গুণ বড় হওয়া সত্ত্বেও, প্রচলিত মানচিত্রে অঞ্চল দুটিকে প্রায় সমান দেখানো হয়। ইউরোপ ও উত্তর আমেরিকাকে কেন্দ্রে এবং বড় করে দেখানোর এই প্রবণতা একতরফা বিশ্বভাবনা তৈরি করেছে বলে বিচারে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘জ্ঞানভিত্তিক বিচার ও ঐতিহাসিক সংশোধন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর অংশ হিসেবে ১৫৬৯ সালের মানচিত্রের পরিবর্তে ২০১৮ সালে উন্মোচিত ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন এই মানচিত্রে ইউরোপের আকার সংকুচিত হবে, ব্রাজিল ও আফ্রিকা দৃশ্যমানভাবে বড় হবে এবং গ্রিনল্যান্ডের আয়তন উল্লেখযোগ্য হারে কমে আসবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, ফ্রান্স মার্কেটর পদ্ধতি বর্জন করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন দৃশ্যত আফ্রিকা, লাতিন আমেরিকা বা দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় অতিরিক্ত গুরুত্ব পেয়ে আসছে। এসব বিকৃতি চিন্তায় শিকড় গেড়ে বসেছে এবং এটি সংশোধনের সময় এসেছে। এর আগে গত মার্চে আফ্রিকান ইউনিয়ন এই নতুন মানচিত্র গ্রহণ করে। আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য, মানবতা ও সামাজিক উন্নয়ন বিভাগের কমিশনার আম্মা তওম-আমোয়াহ বলেন, মানচিত্রে একসময় ছোট করে রাখা আফ্রিকা এখন তার প্রকৃত ভৌগোলিক, ঐতিহাসিক, নৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক আকার তুলে ধরার দাবি জানাচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আফ্রিকান ইউনিয়নকারেক্ট দ্য ম্যাপজাতিসংঘবিশ্বমানচিত্রমার্কেটর প্রজেকশন