গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের এলিম বাড়ি মোড়ের আবুল হোসেনের মালিকানাধীন একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গড়কড়া গ্রামের মো. মামুন মিয়ার ছেলে জুনাইদ (৯) এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ (৯)। তারা পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকত এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই দুই শিশু খেলতে বের হয়। দুপুরের দিকে তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বিকেলে তারা জানতে পারেন যে শিশুরা পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর স্থানীয়রা শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পুকুরে অভিযান চালায় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, পুকুরে দুই শিশু ডুবে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: গাজীপুরপুকুরে ডুবে মৃত্যুফায়ার সার্ভিসমাদ্রাসা ছাত্রশ্রীপুর