হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানুষবিহীন স্মার্ট সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির বরাতে জানানো হয়, মঙ্গলবার ভোরে হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে তাদের নৌবাহিনী ড্রোনটি আটক করে।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল। ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, মনুষ্যবিহীন এই ডুবোজাহাজটি পানির নিচে নজরদারি, সমুদ্রের তলদেশের ম্যাপিং, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শনে সক্ষম।

তবে ইরানের এই দাবির পরপরই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর একটি পুরোনো মডেলের আন্ডারওয়াটার ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। ওই কর্মকর্তার দাবি, ড্রোনটি কেবল আঞ্চলিক জলসীমায় জরিপ চালাচ্ছিল এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন রাডার সরঞ্জাম ছিল না।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই প্রণালীতে অবরোধ বজায় রেখেছে। ইরানের এই ড্রোন আটকের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপের খবর পাওয়া গেছে।