জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির শফিকুর রহমান

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ ভালো নেই এবং দেশও ভালো নেই। তিনি উল্লেখ করেন যে, বিদ্যুৎ ও সারের সংকট এখন চরমে পৌঁছেছে, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আরও বলেন, তারা জনগণের এই কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না, তাই বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। সেখানে তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। কবর জিয়ারত শেষে তিনি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে স্থানীয়দের বিপুল ভিড় লক্ষ্য করা যায়। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে ডা. শফিকুর রহমান বগুড়ায় পৌঁছান এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে যাত্রা শুরু করেন।