বীমা খাতেও লুটপাট চলছে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

দেশের ব্যাংক খাতের মতোই বীমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বীমা খাতে অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সাধারণ মানুষের বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সভায় অর্থমন্ত্রী জানান, দেশের ৫৭ শতাংশ বীমা দাবি এখনো পরিশোধ করা হয়নি। তিনি অভিযোগ করেন যে, গ্রাহকদের পাওনা পরিশোধ না করে উল্টো কিছু কোম্পানি নিজেদের সম্পদের পরিমাণ বাড়িয়ে নিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বীমা দাবি পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।

বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সব বীমা কোম্পানিকে দ্রুত অটোমেশনের আওতায় আসার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় বীমা খাতের সুশাসন, গ্রাহক দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।