নাভিয়ে-স্টোকস সমীকরণ সমাধানে এআইয়ের কৃতিত্ব নিয়ে বিতর্ক প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ গণিতের অন্যতম জটিল সমস্যা হিসেবে পরিচিত নাভিয়ে-স্টোকস সমীকরণ সমাধানের দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান ওপেনএআই। ১৯ শতকের এই সমীকরণটি মূলত তরল পদার্থের প্রবাহ বোঝার জন্য তৈরি করা হয়েছিল, যা সমুদ্রের স্রোত, আবহাওয়া এবং উড়োজাহাজের ডানার ওপর দিয়ে বাতাসের প্রবাহের মতো বিষয়গুলো ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। তবে বাস্তব জগতের সঙ্গে এই সমীকরণের সামঞ্জস্যপূর্ণ সমাধান পাওয়া নিয়ে গণিতবিদদের মধ্যে দীর্ঘদিনের সংশয় ছিল। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রিস্টান বাকমাস্টার এবং অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে গত মাসেই এই সমস্যা সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাদের আগেই ওপেনএআই এই সমীকরণ সমাধানের ঘোষণা দেয়। এই কাজে তারা ১০ হাজার এআই এজেন্ট ব্যবহার করেছে। এজেন্টগুলো প্রায় ৮৮ ঘণ্টা বা চার দিন কাজ করে একটি সমাধানে পৌঁছায়, যা পরবর্তীতে ১৭ ঘণ্টা ধরে যাচাই-বাছাই করা হয়। ওপেনএআইয়ের প্রকাশিত এই সমাধানটি ১৬৬ পৃষ্ঠার। তবে এটি নিয়ে গণিতবিদদের মধ্যে প্রশ্ন উঠেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ জাভিয়ার গোমেজ সেরানো সরাসরি মন্তব্য করেছেন যে, এই সমাধানটি ‘বোঝাই যায় না’। গণিতবিদদের মতে, কম্পিউটারের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান প্রমাণিত হওয়াই যথেষ্ট নয়, বরং সেটি মানুষের বোধগম্য হওয়াও সমান গুরুত্বপূর্ণ। এই সাফল্যকে ঘিরে বিতর্কের আরেকটি বড় কারণ হলো অধ্যাপক বাকমাস্টারের অভিযোগ। তিনি সমীকরণটি নিয়ে কাজ করার সময় ওপেনএআইয়ের এআই প্রযুক্তির সহায়তা নিয়েছিলেন। তাঁর ধারণা, তাঁর দেওয়া কিছু তথ্যের নাগাল পেয়েই ওপেনএআইয়ের এজেন্টগুলো গবেষণার পরবর্তী ধাপে এগিয়েছে। যদিও ওপেনএআই প্রথমে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি, তবে পরে তারা জানায় যে, বিস্তারিত তদন্তে দেখা গেছে বাকমাস্টারের তথ্য তাদের সমাধানে কোনো প্রভাব ফেলেনি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বাকমাস্টার, তিনি স্পষ্ট বলেছেন, ‘আমি তাদের বিশ্বাস করি না।’ ঘটনাটি গণিতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের গণিতবিদ টেরেন্স টাও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই পরিস্থিতির ফলে গবেষকেরা তাদের আবিষ্কার অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, যা দীর্ঘদিনের উন্মুক্ত বিজ্ঞানচর্চার রীতিকে ক্ষতিগ্রস্ত করবে। তবে অধ্যাপক বাকমাস্টার এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে, ওপেনএআইয়ের এই সাফল্যের পেছনে বহু বছর ধরে কাজ করা গণিতবিদদের তাত্ত্বিক অবদানের ভিত্তিই মূল ভূমিকা পালন করেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: এআইওপেনএআইগণিতগবেষণানাভিয়ে-স্টোকসপ্রযুক্তি