সৌদি আরবের ছয় শহরে সতর্কতা, হুতিদের হামলায় আহত ১৩

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন আহত হয়েছেন। এই হামলায় সাতটি বাড়ি এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার খামিস মুশাইত, আবহা ও তাইফের বেসামরিক এলাকায় এসব হামলা চালানো হয়। আহতদের কয়েকজনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার বলে জানা গেছে। হামলার ঘটনার পর দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জেদ্দা, আবহা, জাজান, তাইফ, ইয়ানবু ও আল-উলা শহরে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে হুতিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ তোলা হয়েছে। জোটের দাবি, হুতিরা ধারাবাহিকভাবে উত্তেজনা বাড়ানোর নীতি অনুসরণ করছে। সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে জোটের যৌথ বাহিনী কঠোর ও দায়িত্বশীল পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে হুতিদের হামলায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে ড্রোন হামলার পর সৌদি আরব দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। হুতিদের সাম্প্রতিক এসব হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় ও মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠন এবং তারা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।