ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা বাড়াচ্ছে সরকার: মজিবুর রহমান মঞ্জু প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং ক্রমাগত ভুলের কারণে জনগণের অনাস্থা আরও বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হকসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। মজিবুর রহমান মঞ্জু সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করা হয়, তবে বিএনপির দুটি নতুন নাম দেওয়া হবে—'বিশ্বাস নাই পার্টি' বা 'বিশ্বাসহীন পার্টি', অথবা 'বিশ্বাস নষ্ট পার্টি'। তিনি আরও বলেন, যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত করা না হয়, তবে জনগণ তাদের 'বিচার না করা পার্টি' হিসেবে আখ্যায়িত করবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে জনগণ তাদের 'বিদ্যুৎ নাই পার্টি' বলবে। তিনি মন্তব্য করেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারা এই সরকারকে 'বাংলাদেশ নাই নাই পার্টি' নাম দিতে বাধ্য হবেন। মঞ্জু তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণীত হবে। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায় মেনে নিতে টালবাহানা করছে এবং জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। গুম ও মানবাধিকারের বিষয়ে প্রতারণার আইন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া সম্ভব নয়। প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৭ SHARES রাজনীতি বিষয়: এবি পার্টিমজিবুর রহমান মঞ্জুরাজনীতিলংমার্চসরকার