রংপুরে এসে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছিলেন: সাদিক কায়েম

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৬

রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় ১১ দলীয় ঐক্যের নেতা সাদিক কায়েম অভিযোগ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী রংপুরে এসে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে নির্বাচন এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। শনিবার ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় রংপুরবাসীকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, “সংগ্রামী রংপুরবাসী, আপনাদের এখানে এসে বর্তমান প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। তিনি আবু সাঈদের রংপুরে এসেছিলেন। এখানে এসে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। আপনাদের কি মনে আছে?”

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের পর সবাই জানে তা কীভাবে সম্পন্ন হয়েছে। একটি ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে এই নির্বাচন হয়েছে বলে মন্তব্য করে তিনি তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে, তিনি বর্তমানে জাতির সঙ্গে প্রতারণা করছেন। সাদিক কায়েম আরও বলেন, “যারা কথা এবং কাজের মাঝে মিল রাখে না, তাদের কী বলা হয়—মুনাফিক, প্রতারক।”

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর ভর করে তারেক রহমান লন্ডন থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বর্তমানে তারা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

উল্লেখ্য, ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে এই লংমার্চ কর্মসূচি পালিত হয়। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হওয়ার পর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া এবং গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়।

এই লংমার্চে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব দাবি আদায়ে দেশের মানুষের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছিলেন।