মানিকগঞ্জে প্রবাসীসহ স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে এক প্রবাসীসহ তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছর বয়সী কন্যাসন্তান অ্যালিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছিলেন। তবে পারিবারিকভাবে তাদের মধ্যে কোনো বিরোধ বা কলহ ছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর দেড় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধপুলিশপ্রবাসীমরদেহ-উদ্ধারমানিকগঞ্জ